নিজস্ব প্রতিবেদক
মাত্র ৬০ বোতল ফেনসিডিল পাচারের দায়ে ট্রাক চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের সোহাগ পারভেজ পাপ্পু, ঝিকরগাছার নাভারন জাওলাপাড়ার কামরুজ্জামান এবং একই গ্রামের ইমামুল হোসেন।
২০২১ সালের ৮ নভেম্বর রাতে ঝিকরগাছা বাজার এলাকায় বেনাপোল থেকে আসা একটি ট্রাক তল্লাশি করে পুলিশ। এ সময় চালকের সিটের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই রাতেই ঝিকরগাছা থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে মামলা করেন এবং পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ মো. আবু সুফিয়ান আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই কঠোর দণ্ড প্রদান করেন। ট্রাক চালক সোহাগ পারভেজ পাপ্পুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং ৩৮ ধারায় আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামি কামরুজ্জামান ও ইমামুল হোসেনকেও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত তিন আসামিই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে বর্তমানে পলাতক রয়েছেন।