নিজস্ব প্রতিবেদক
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের (১০৮) পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, বহিষ্কৃত ২ জন পরীক্ষার্থীই কুষ্টিয়া জেলার। তাদের রোল নম্বর: পোড়াদহ-৩৬৫/২৫৭৫৬৮ * কুষ্টিয়া-২৭১-২৫২৩৪৬। ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ৪২৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২০ হাজার ৩৭০ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৫৭ জন।
এ বছর অনুপস্থিতির হার ১.৬৮ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। গত বছর এই হার ছিল ১.৫৩ শতাংশ। উল্লেখ্য, গত রবিবার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেদিন কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি।