বেনাপোল প্রতিনিধি
ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা সম্পন্ন ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর এলাকায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিপুলসংখ্যক শ্রমিক, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও বন্দর পরিচালক সামীম হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক নেতারাও জানাজায় শরিক হন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দরে পণ্য লোড করার সময় একটি ক্রেনের তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই শাহাজান নিহত হন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
জানাজা শেষে উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
স্থানীয় শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দরে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক মৃত্যু এড়াতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।