কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর ওপর স্ত্রীর হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বামীর পুরুষঙ্গ কাটা পড়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় উজ্জ্বল খানকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সঙ্গে একই গ্রামের পোনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ ও মানসিক অস্থিরতা লেগেই থাকত। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও মনোমালিন্য হতো বলে স্বজনরা জানিয়েছেন।
স্বজনদের দাবি, সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জ্বল খান ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে স্ত্রী পোনা খাতুন ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর ওপর আক্রমণ করেন এবং তাকে গুরুতর জখম করেন। এ সময় উজ্জ্বলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তারা অভিযুক্ত স্ত্রী পোনা খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উজ্জ্বলকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা ও রক্তক্ষরণ বন্ধের চেষ্টা শেষে জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধ্রুব/এস.আই