নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল: যশোরের বেনাপোল আইসিপি সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এই সফল অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০টি উন্নত মানের শাড়ি, ৪ হাজার ১৫৫টি চকলেট, ৩.৫ কেজি কিসমিস, ৫৮টি বিভিন্ন প্রকার খাদ্যপণ্য এবং ১ হাজার ২৬৯টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১০ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) অভিযানের বিষয়ে বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল জোরদার করার কারণেই এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।"
তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশীয় অর্থনীতি রক্ষায় চোরাচালান বিরোধী এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। জব্দকৃত পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।