বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের আয়োজিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় এক অনন্য আধ্যাত্মিক আবহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি সফল করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের নেতার নির্দেশ অনুযায়ী এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পূর্ণ স্বাধীনতায় পালন করবে—এটাই আমাদের মূল চেতনা। কেউ যেন কোনো ধর্মের মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য আমরা সদাপ্রস্তুত।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-আইনবিষয়ক সম্পাদক শিমুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা পিন্টু হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নামযজ্ঞ অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে আয়োজক কমিটিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সাথে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কাজেও তারা অগ্রণী ভূমিকা পালন করেন। বিএনপির এই সহযোগিতায় আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও কৃতজ্ঞতা দেখা গেছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, রাজনৈতিক নেতৃবৃন্দের এই অংশগ্রহণ এবং সৌহার্দ্যপূর্ণ আচরণের ফলে এলাকায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামীদিনেও সকল উৎসব এভাবেই সকলে মিলেমিশে উদযাপন করবেন।