ধ্রুব নিউজ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোররের উপ-পরিচালক মোশাররফ হোসেন জেলার লেবুতলা, ইছালি ও নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সবজি ক্ষেত ও বোরো ধানের মাঠ পরিদর্শন করেছেন। ছবি: ধ্রুব নিউজ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোররের উপ-পরিচালক মোশাররফ হোসেন জেলার লেবুতলা, ইছালি ও নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সবজি ক্ষেত ও বোরো ধানের মাঠ পরিদর্শন করেছেন।
আজ বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি এসব মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধান ও সবজি চাষের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।
মাঠে উপস্থিত কৃষক জামাল হোসেন লিটু জানান, তাদের ধান গাছের পাতা পুড়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় ছিলেন। তিনি বলেন, “আমরা ভেবেছিলাম এটি কোনো রোগ। কিন্তু স্যার এসে জানিয়েছেন, অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগের কারণে এ সমস্যা হয়েছে। এতে ফলনের তেমন ক্ষতি হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।” তিনি আরও জানান, সঠিক নিয়মে সার ব্যবহারের নির্দেশনা পেয়ে তাদের উদ্বেগ দূর হয়েছে।
অন্যদিকে কৃষক পিকুল হোসেন বলেন, “স্যার আমার সবজি ক্ষেতে এসে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তিনি জৈব সার বেশি ব্যবহার এবং ধীরে ধীরে রাসায়নিক সার কমানোর কথা বলেছেন। আমাদের এলাকায় মাঠে স্যারের আগমন সত্যিই আনন্দের।”
উপ-পরিচালক মোশাররফ হোসেন জানান, যশোর জেলায় প্রায় ১ লাখ ৫৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং মাঠের অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তিনি বলেন, “এই সময়ে প্রতি ৩৩ শতাংশ জমিতে ৫ কেজি পটাশ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা অব্যহত থাকলে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করে কৃষকদের পাশে রয়েছেন এবং উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, লেবুতলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীম হোসেন এবং শাইনা আফরোজ।
ধ্রুব/এস.আই