নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ছাতিয়ানতলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় তরুণ প্রজন্মের উদ্যোগে এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব ও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছাতিয়ানতলা যুব ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট পরিচালিত হয়। দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশ নেয় স্থানীয় শিক্ষার্থীরা। বিকেলের মূল আকর্ষণ ছিল ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হয় শহর আলী ক্রিকেট একাদশ বনাম ছাতিয়ানতলা মধ্যপাড়া ক্রিকেট একাদশ। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ছাতিয়ানতলা মধ্যপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহর আলী ক্রিকেট একাদশ।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ছাতিয়ানতলা যুব ক্লাবের সভাপতি শামীম কবির ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জিকো দফাদার ও কোষাধ্যক্ষ শাওন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সচিব মাস্টার শিমুল হোসেন, উপদেষ্টা আজিজুল ইসলাম সোজা-উর-দৌল্লা, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মারুফ মহসিন, হায়দার আলী, শামীম হোসেন ও নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। বক্তারা যুব সমাজকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে পুরো ছাতিয়ানতলা ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয় দর্শকরা বিপুল উৎসাহে প্রতিটি খেলা উপভোগ করেন।