ক্রীড়া ডেস্ক
হুলিয়ান আল্ভারেজ ছবি: সংগৃহীত
ফুটবল ক্লাব বার্সেলোনা গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর জন্য তাদের প্রধান লক্ষ্য হিসেবে হুলিয়ান আল্ভারেজ কে নির্ধারণ করেছে। তবে কাতালান ক্লাবটি অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকার জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নয়।
কোচ হ্যান্সি ফ্লিক দলের পুনর্গঠন করতে চাইছেন, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই আলভারেজকে দীর্ঘমেয়াদে স্ট্রাইকার হিসেবে ভাবা হচ্ছে। তার বহুমুখী খেলার ধরণ ও গোল করার দক্ষতা বার্সার নজর কেড়েছে।
তবে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ক্লাবটি এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য সর্বোচ্চ ৭০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত।
অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে ছাড়তে চাইলে ৮০ মিলিয়ন ইউরোর বেশি দাবি করতে পারে। কিন্তু বার্সেলোনা তাদের নির্ধারিত সীমা অতিক্রম করতে নারাজ।
এছাড়া তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও ক্লাবের ভেতরে কিছু সংশয় রয়েছে, কারণ চলতি মৌসুমে তার খেলা আগের মৌসুম বা আর্জেন্টিনা জাতীয় দলে দেখানো পারফরম্যান্সের মতো ধারালো নয়।
অ্যাটলেটিকো মাদ্রিদ এই বিষয়ে একদমই নমনীয় নয়। কোচ ডিয়েগো সিমিওনে এর প্রকল্পে আলভারেজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ক্লাবটির পরিচালক মাতেউ আলেমানি জানিয়েছেন, আলভারেজ নিজেই অ্যাটলেটিকোতে সুখে আছেন এবং তার চলে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। তার সঙ্গে এখনো চার বছরের চুক্তি রয়েছে এবং ক্লাব আশা করছে তিনি আরও দীর্ঘ সময় থাকবেন, এমনকি নতুন চুক্তিও করতে পারেন।
বার্সেলোনা এখন থেকেই রবার্ট লেভানডস্কি এর বিকল্প নিয়ে ভাবছে। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানালেও, ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারের ভূমিকা ইতিমধ্যেই কমে গেছে।
ধারণা করা হচ্ছে, তিনি নতুন চুক্তি করলেও সেটা হবে এক বছরের জন্য এবং কম বেতনে, যেখানে তাকে মূল একাদশের পরিবর্তে বেঞ্চ অপশন হিসেবে ব্যবহার করা হবে।
সব মিলিয়ে, বার্সেলোনা আলভারেজকে দলে ভিড়াতে আগ্রহী হলেও আর্থিক দিক থেকে কঠোর অবস্থান ধরে রেখেছে এবং তারা নির্ধারিত সীমার বাইরে যেতে চায় না।