নিজস্ব প্রতিবেদক
যশোর লিবার্টি শো রুম ছবি: সংগৃহীত
যশোর শহরের এইচএমএম রোডের প্রখ্যাত জুতার দোকান ‘লিবার্টি সু’-তে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় চোরেরা জানালার গ্রিল কেটে দোকানের ভেতর ঢুকে নগদ ৭ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় লিবার্টি সু-এর ম্যানেজার প্রবীর কুমার মজুমদার সোমবার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে ঈদের কেনাবেচা শেষে পৌনে ২টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সোমবার সকাল সোয়া ৯টার দিকে দোকান খুলে তারা দেখতে পান, দোকানের দুটি ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভাঙা। ভেতরে রাখা নগদ ৭ লাখ ৩ হাজার ২৭৫ টাকা উধাও।
তৎক্ষণাৎ বিষয়টি জানাজানি হলে তারা দেখতে পান, চোরেরা দোকানের পেছন দিক দিয়ে তৃতীয় তলায় ওঠে এবং জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভেঙে বিপুল পরিমাণ এই অর্থ নিয়ে চম্পট দেয়। ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।