Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির যাচ্ছে ৬ হাজার কোটি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:০১ এ এম
মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির যাচ্ছে ৬ হাজার কোটি

ছবি: সংগৃহীত

খবরটা এসেছিল গত বছর ১৬ ডিসেম্বর। আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান-কে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এত দামে বিক্রি হননি। খবরটি শুনে ঈদের চাঁদ দেখার মতোই খুশি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু সেই খুশি বেশিদিন স্থায়ী হয়নি। ভারতে উগ্রপন্থীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ৩ জানুয়ারি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। তারপর থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে, তাকে আর যাই হোক ক্রিকেট বলা যায় না। একে একটি ‘অ্যাকশন সিনেমা’ বলা যেতে পারে, যেখানে পক্ষ-বিপক্ষ, বিরোধিতা, অ্যাকশন ও পাল্টা অ্যাকশন থাকলেও শুধু ক্রিকেটটাই অনুপস্থিত। যদিও সাধারণ আলোচনায় ক্রিকেটের শীর্ষমহল থেকে চায়ের দোকান পর্যন্ত বলা হয়—মাঠের খেলাটাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ!

বাস্তবতা হলো, দিনকে দিন ক্রিকেট নিয়ে মাঠের বাইরের খেলাটাই বেশি প্রভাবশালী হয়ে উঠছে। আর তাতে ক্রমাগত আহত হচ্ছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। আসল ক্ষতিটা হচ্ছে দর্শকদের এবং এই নান্দনিক খেলাটিরও। খেলার স্বাদ নিতে গিয়ে যদি রাজনীতির তিক্ততা হজম করতে হয়, তবে খেলার প্রতি টান কতদিন টিকে থাকে? বনফুলের ‘পাঠকের মৃত্যু’ গল্পের মতো এভাবে ধীরে ধীরে কি ‘ক্রিকেটপ্রেমীর মৃত্যু’ও ঘটছে? কে জানে!

পূর্বতন রাজনৈতিক বিরোধ, নব্য-বিরোধ কিংবা আত্মসম্মানের সূত্র ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপে যা কিছু হচ্ছে, তাতে সব কটি ‘গোল’ই কিন্তু আত্মঘাতী। মোস্তাফিজকে বাদ দেওয়ার জের ধরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে খেলতে আপত্তি জানায়। এই সিদ্ধান্তে অনড় থাকার পরিণতি হিসেবে শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে। ওদিকে পাকিস্তানও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছে। সেটা এমনি এমনি নয়; বলা যায়, বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রতিক্রিয়াতেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত—যেখানে মূল জ্বালানি হিসেবে কাজ করছে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘকালের রাজনৈতিক বিরোধ।

৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক চাপে তাকে দল থেকে বাদ দেয়ায়  মোস্তাফিজের পুরো অর্থটাই লোকসান হয়েছে। তবে এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ফলে বিসিসিআই ও আইসিসির যে অর্থ লোকসান হচ্ছে, তা মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপির চেয়ে বহু গুণ বেশি। ফলে এ যেন ভারতের কথা শুনে নিজের পায়ে কুড়াল মারলো আইসিসি।

ভারত–পাকিস্তান ম্যাচের মোট বাজারমূল্য কত, সুনির্দিষ্ট গাণিতিক হিসাব নেই। তবে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনের হার, স্পনসরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড মিলিয়ে রক্ষণশীল হিসেবেও প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটি টাকার বেশি।ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদন বলছে, ভারত–পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপিতে। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে সরাসরি আঘাত পড়বে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের আয়ে। বড় অঙ্কের অর্থ দিয়ে তারা আইসিসি থেকে স্বত্ব কেনে। শুধু একটি ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই বিজ্ঞাপনের মাধ্যমে আনুমানিক ৩০০ কোটি রুপি ওঠে বলে ধারণা করা হয়। ম্যাচ না হওয়া মানে এই লাভটা তারা করতে পারবে না।

বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত চেয়েছে। এবার ভারত–পাকিস্তান ম্যাচ না হলে যা আরও জোরালো হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় ১৩৮.৭ কোটি রুপি।

এর আগে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি ২১ লাখ টাকা) আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ ক্রিকেট। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)