ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন রোগী। এর ফলে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারানো চারজনের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের এবং বাকি একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৪৫ জনের বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন এবং রাজশাহী বিভাগে ১৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রংপুর বিভাগে ৫৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে অদ্যাবধি চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী।