Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৭:০৯ এ এম
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ছবি: সংগৃহীত

আগামী বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। পর্যায়ক্রমিক পরিচালন পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় দুটি আগমনী এবং দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হবে। শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

​সভায় টার্মিনালটির উদ্বোধন ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আংশিক চালু হবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকাণ্ড অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি সচল করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে শেষ করার আহ্বান জানান। প্রকল্পের সাথে যুক্ত সকলের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি আজ চালুর দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও তিনি মন্তব্য করেন।

​প্রস্তুতিমূলক এই বৈঠকে টার্মিনাল চালুর পূর্বশর্ত হিসেবে প্রয়োজনীয় সংখ্যক ইমিগ্রেশন বুথ সচল করা, ব্যাগেজ বেল্ট ও আধুনিক স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) সম্পন্ন করা এবং বিভিন্ন অংশীজনের সাথে প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত অংশীজনেরা বর্তমান প্রস্তুতির অগ্রগতি নিয়ে মতামত বিনিময় করেন এবং টার্মিনালটি দ্রুততম সময়ে কার্যকর করার ক্ষেত্রে করণীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন। সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ১৬ ডিসেম্বরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

​গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ মন্ত্রণালয়, বেবিচক এবং প্রকল্প বাস্তবায়নকারী জাপানি কনসোর্টিয়ামের ঊর্ধ্বতন প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)