Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নুসরাতের বাড়িতে আগুন, শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৬:৪৪ পিএম
নুসরাতের বাড়িতে আগুন, শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে তীব্র বিতর্ক ও উত্তাপের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত মেলেনি; বরং পুরোনো ভবনের দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে সৃষ্ট শর্টসার্কিটের কারণেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

​বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই এনসিপি ও ভুক্তভোগী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাই পেট্রল বোমা হামলা চালিয়ে বাড়িটিতে আগুন দিয়েছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সাথে যুক্ত কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অগ্নিকাণ্ডকে নিজেদের ‘সফলতা’ দাবি করে উল্লাস প্রকাশ করেছেন বলেও অভিযোগ ওঠে।

​বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একজন সংসদ সদস্যের বাড়িতে এমন ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে তিনি বক্তব্য রাখতে চাইলে স্পিকার তাকে প্রশ্নোত্তর পর্ব শেষে কথা বলার অনুরোধ করেন এবং জানান যে স্বরাষ্ট্রমন্ত্রী তখন অধিবেশনে উপস্থিত নেই। এ সময় ক্ষুব্ধ ও শ্লেষাত্মক ভঙ্গিতে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের কাছ থেকে তারা কোনো জবাব আশা করেন না। সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে অভিযোগ করে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

​সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতরে আওয়ামী লীগের প্রতি এক ধরনের আপসকামী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। শত্রুর মানবাধিকার রক্ষায় সরকার বেশি মনোযোগী হলে তাদের নিজেদের নিরাপত্তার পথ নিজেদেরই দেখতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদী শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বিএনপিকেও সতর্ক করেন এবং বলেন, আজ তারা প্রথম লক্ষ্যবস্তু হলেও পরবর্তীতে বিএনপি ও তাদের পরিবারও একইভাবে আক্রান্ত হবে। এছাড়া প্রশাসনের বক্তব্যে পরস্পরবিরোধিতার অভিযোগ তুলে তিনি বলেন, পুলিশ সুপার যেখানে ফরেনসিক পরীক্ষা শেষ না হওয়ার কথা বলছেন, সেখানে ওসি কীভাবে তদন্তের আগেই পেট্রল বোমার আলামত না থাকার দাবি করেন। পাশাপাশি, গত মঙ্গলবার মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের চাপাতি হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় এবং সারাদেশে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করেন।

​পরবর্তীতে সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, দৌলতপুরের যে বাড়িটিতে আগুন লেগেছে সেটি মূলত অব্যবহৃত অবস্থায় ছিল এবং সেখানে কেউ বসবাস করতেন না। সংসদ সদস্য নুসরাতের বাবা-মা ওই স্থান থেকে প্রায় ২০ মিটার দূরের অন্য একটি বাড়িতে অবস্থান করছিলেন। ক্ষতিগ্রস্ত ঘরটিতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড় ও দুটি ছাগল ছিল, যা আগুনে পুড়ে মারা গেছে ও নষ্ট হয়েছে। ঘটনাস্থলের দেয়াল, ছবি এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে শর্টসার্কিটের বিষয়টি সামনে এসেছে।

​সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইতোমধ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি এবং বিজিবির প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)