ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু ও অন্যান্য রোগের প্রকোপের পাশাপাশি হামের সংক্রমণও উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে নতুন করে চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত—এই ২৪ ঘণ্টার ব্যবধানে সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে দেশের অন্য কোনো বিভাগ থেকে হামের উপসর্গে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মাঝে হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।