Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাতার ও সিঙ্গাপুর থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০২:৪২ পিএম
কাতার ও সিঙ্গাপুর থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

ছবি: সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি এবং বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে মোট ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

​শনিবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়।

​মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সভায় উপস্থাপন করা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবই দীর্ঘ আলোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করে কমিটি।

​এর মধ্যে প্রথম প্রস্তাবটি ছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড'-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচ কার্গো এলএনজি কেনার। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) নির্ধারিত আন্তর্জাতিক বাজারমূল্য থেকে প্রতি এমএমবিটিইউতে ০.১৭ মার্কিন ডলার কমে এলএনজি সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর। এছাড়া উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত কার্গো সরবরাহের সুযোগও রাখা হয়েছে এই প্রস্তাবে।

​অন্যদিকে, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে জিটুজি (সরকার-টু-সরকার) বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি আমদানির দ্বিতীয় প্রস্তাবটি অনুমোদিত হয়। এই কার্গোটি আগামী ২০২৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কমে নির্ধারিত হচ্ছে, যা বিদ্যমান চুক্তির দর থেকে আলাদা।

​সরকারি এই অনুমোদনের ফলে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম খরচে এলএনজি সংগ্রহ করা সম্ভব হবে, যা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)