নিজস্ব প্রতিনিধি
মহালয়ার পূর্ণ তিথি উপলক্ষে যশোর শহরের পৌরপার্কের পুকুরসংলগ্ন স্থানে তিল তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টায় সনাতন ধর্ম সংঘ যশোর-এর উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও ভক্তিপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সনাতন ধর্ম সংঘ যশোর-এর সাধারণ সম্পাদক ও যশোরের মুড়লিতে অবস্থিত শ্রীশ্রী জোড়া শিব মন্দিরের সেবায়েত অখিল কুমার চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সংঘের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত কুমার দে, সুব্রতা রাণী চক্রবর্তী ও সজল কুমার দাসসহ অন্যান্য ভক্তবৃন্দ।
মহালয়ার পুণ্যতিথিতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তাঁদের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয়। এ সময় তাঁদের আত্মার শান্তি কামনা করা হয় এবং ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।