❒ দিনভর পুলিশের বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আইন-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারীসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের আটকের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে যশোর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কিশোর গ্যংয়ের ৩ সদস্য আটক ও ৩৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থানের মতো মঙ্গলবার বিকেলে যশোর শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের শরীরে তল্লাশি চালানো হয়। যশোরের দড়াটানা, মণিহার এলাকা, রেল রোড চার খাম্বার মোড়, ধর্মতলা, জজ কোর্ট মোড় ও উপশহরস্থ খাজুরা বাসস্ট্যান্ডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযানে থানা পুলিশ, ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ অংশ নেন। মাঠে নেমে অভিযান তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব ও অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুন্না বিশ্বাস। এছাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ ইনসপেক্টর মাফুজুর রহমান ও কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন, ডিবি পুলিশের ইনসপেক্টর সুজন কুমার মন্ডল অভিযানে অংশ নেন।
পুলিশের একটি সূত্র জানায়, দড়াটানায় তল্লাশিকালে ৩ কিশোরের কাছে স্টিলের স্টিক পাওয়া গেছে। যা কোমরে লুকিয়ে রাখা হয়েছিলো। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে মণিহার এলাকায় অভিযান সম্পর্কে ব্রিফিং দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম। তিনি জানান, তারা কয়েকদিন ধরেই বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারীসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের আটকের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে একদিনের অভিযানে তারা ১৫৫ জনকে আটকও করেছেন।
এদিকে মঙ্গলবার পরিচালিত বিশেষ অভিযান সম্পর্কে জেলা পুলিশের মিডিয়া সেল পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার ৪৩টি স্থানে চেকপোস্ট স্থাপন করে ১৭শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক এবং বিভিন্ন অপরাধে ৩৪টি মোটরসাইকেল জব্দ ও ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।