নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোরে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের অভিযোগে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি. এম. এলোম হোসেন রানা।
শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বি. এম. এলোম হোসেন রানা বলেন, সুজনের করা অভিযোগ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ২০২৫ সালের ২৭ জানুয়ারি ১ দশমিক ৫০ শতক জমি ১ লাখ ৬০ হাজার টাকায় বায়না করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে ২০২৬ সালের ৬ মে ওই জমি ২ লাখ টাকায় রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।
বিএনপি নেতা রানা আরও অভিযোগ করেন, মৃত শহর আলীর বিধবা স্ত্রী হনুফা বেগম ও তার ওয়ারিশদের জমি নিয়ে সুজনের সঙ্গে বিরোধ রয়েছে। সুজন তাদের জমি দখল ও অন্যের কাছে বিক্রির চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ তোলেন। এ ঘটনায় আদালতের মাধ্যমে জমির ওপর ১৪৪ ধারা জারি হয়েছে বলে জানান রানা।
তিনি আরও বলেন, জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা ঠেকাতে গেলে হনুফা বেগম ও তার সন্তানদের মারধর করা হয়। তবে এসব ঘটনা আড়াল করে সুজন সংবাদ সম্মেলনে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রানা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় সংবাদ সম্মেলনে মিলন হোসেন, রুবেল হোসেন, আলমগীর হোসেন, হনুফা বেগম ও আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।