নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে একটি দ্রুতগামী বাস। ছবি: ধ্রুব নিউজ
যশোরের কেশবপুরে এক পথচারী নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে একটি দ্রুতগামী বাস। শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম।
এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৬টার দিকে যশোরগামী একটি যাত্রীবিহীন বাস মধ্যকুল উত্তরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের বাম পাশে থাকা পথচারী রোকেয়া বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর বাসটি সড়কের ডান পাশে থাকা মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের সীমানা ও সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় বাসের হেলপার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সোদ্দিগ্রামের মানিক ফকির (৪২) ডান পায়ে গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।
মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা জানান, "ফজরের নামাজের পর ওই নারী হাঁটতে বের হয়েছিলেন। বাসটির চাপায় তিনি মারা যান। বাসটি আমাদের প্রতিষ্ঠানের ভবনে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় মাদ্রাসায় ১০-১২ জন অবস্থান করলেও আল্লাহর রহমতে তাদের কেউ হতাহত হননি।"