❒ যশোরে শুভ জন্মাষ্টমী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত র্যালি-পূর্ব আলোচনা সভা। ছবি: ধ্রুব নিউজ
ধর্মকে পুঁজি করে যারা সমাজে বিভক্তি ও অশান্তি সৃষ্টির চেষ্টা করবে, রাষ্ট্র ও সমাজকে সাথে নিয়ে তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, "যে ধর্মবিশ্বাস বা রাজনৈতিক দর্শনেরই হোক না কেন, ধর্ম নিয়ে সস্তা রাজনীতি করতে দেওয়া হবে না। ধর্মবিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে, অতিরিক্ত সুবিধা না পায় কিংবা বঞ্চিত না হয়, বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে বদ্ধপরিকর।"
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত র্যালি-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিমন্ত্রী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বক্তব্যের শুরুতে উপস্থিত সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "ধর্ম নিছক ব্যক্তিগত বিশ্বাস ও চেতনার বিষয়; রাজনীতির মাঠে অনৈতিক সুবিধা লাভের হাতিয়ার হতে পারে না। দ্বাপর যুগে অন্ধকারাচ্ছন্ন ও পাপাচারময় সময়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। কংসের কারাগারে বন্দিদশার সেই কঠিন সময়ে তাঁর জন্ম আমাদের বার্তা দেয় যে, রাতের অন্ধকার যত গভীরই হোক না কেন, ন্যায়ের পথ ধরে মুক্তির আলো আসবেই।"
তিনি আরও বলেন, "বিএনপির রাজনীতি আমাদের মানুষকে মানুষ হিসেবে চিনতে শিখিয়েছে। তাই ক্ষমতায় থাকি বা না থাকি, আমরা সবসময় মানুষের পাশে থাকি। চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছে।"
প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, "কারো ধর্মবিশ্বাস বা রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, এ ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয়—আমরা বাংলাদেশি। তাই নিজেদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। সরকারের প্রতিনিধি হিসেবে এ দেশের মাটিতে আমার যতখানি অধিকার, আপনাদেরও ঠিক ততখানি অধিকার রয়েছে।"
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন-এর অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।