নিজস্ব প্রতিবেদক
এ কে এম খয়রাত হোসেন ছবি: ধ্রুব নিউজ
যশোরে নাশকতার পরিকল্পনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার সহসভাপতি এ কে এম খয়রাত হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক এ কে এম খয়রাত হোসেন যশোর শহরের বিমান অফিস মোড় এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
অভিযুক্ত অপর তিন আসামি হলেন, শহরতলীর ছোট শেখহাটির বাসিন্দা রুবেল হোসেন, যশোর সদরের রামনগর ভাটপাড়ার বাসিন্দা প্রল্লাদ সরকার, যশোর সদরের বসুন্দিয়ার ঘুনি গ্রামের বাসিন্দা মাহাবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগ নেতা এ কে এম খয়রাত হোসেনকে গত বছরের ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে ‘আইএনবি ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠানে যুবলীগের মিছিলে ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, অপর তিন আসামিকে ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর সদর উপজেলার কানাইতলা গ্রামে সংঘটিত নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
রোববার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।