নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন ছবি: সংগৃহীত
শার্শার তনিমা ফিলিং স্টেশন পুনঃদখল এবং অপপ্রচার চালিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ১০ আগস্ট বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফিলিং স্টেশনের মালিক ইয়াসমিন আক্তার।
জিডিতে আনোয়ার হোসেন ছাড়াও তার দুই ভাই জামাল হোসেন ও কামাল হোসেন এবং ভবেরবেড় গ্রামের ইব্রাহিমকে বিবাদী করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, বেনাপোল-যশোর মহাসড়কের কাগজপুকুর এলাকায় অবস্থিত ‘তনিমা ফিলিং স্টেশন’-এর জমি নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। অভিযোগ রয়েছে, গত ৭ ও ৯ আগস্ট বিবাদীরা পাম্পের ক্ষতিসাধনের হুমকি দেয়। পাম্পে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন মালিকপক্ষ।
ব্যবসায়ী ইয়াসমিন আক্তার জানান, গত ১২ আগস্ট সন্ধ্যায় আনোয়ার হোসেন সহযোগীদের নিয়ে পুনরায় ফিলিং স্টেশনটি দখলের চেষ্টা চালান। তবে স্থানীয়দের বাধার মুখে তারা ব্যর্থ হন। আইনগত নিষ্পত্তির দিকে না গিয়ে বিবাদীরা উল্টো মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
২০২৫ সালে এই ফিলিং স্টেশন দখলের চেষ্টা ও অনিয়মের প্রমাণ পাওয়ায় আনোয়ার হোসেনকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। অভিযোগ উঠেছে, দলীয় পদ হারানোর পরও এলাকায় প্রভাব বিস্তার ও পাম্প দখলের তৎপরতা অব্যাহত রেখেছেন তিনি।