নিজস্ব প্রতিবেদক
সোমবার কালেক্টরেট সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরে সরকারের ১৮০ দিনের সংস্কার ও উন্নয়নের ফিরিস্তি তৈরি করছে প্রশাসন। ইতোমধ্যে সব দফতরে অগ্রগতির হিসাব চাওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে এসংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় জেলা প্রশাসক বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় এসব উদ্যোগে যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের অবদান কতটুকু, তা স্পষ্ট করতেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিদ্যুৎ সংকট কাটাতে সব সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে যশোরের সব সরকারি দপ্তরকে সোলার প্যানেলের আওতায় আনা হবে। এতে উৎপাদিত বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি ‘নেট মিটারিং’-এর মাধ্যমে জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে।
এছাড়া পরিবেশ রক্ষায় সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচিতে যশোরের অংশগ্রহণ নিরূপণে সব দপ্তরের কাছ থেকে সচিত্র প্রতিবেদন চাওয়া হয়েছে। দ্রুত ও সহজ জনসেবা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে এক টিম হিসেবে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভা প্রশাসক রফিকুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সিভিল সার্জন ডা. মাসুদ রানা প্রমুখ।