নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান ও যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক উপস্থিত। হয়েছিলেন যশোর জেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন। জানালেন ধর্মীয় মূল্যবোধ চর্চা, আলেমদের মর্যাদা রক্ষা ও ঐক্যবদ্ধ দ্বীনি দাওয়াতের আহ্বান।
শনিবার (১ আগস্ট) যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলন সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, "সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবনির্বাচিত নেতৃত্ব জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী। নতুন ও পুরোনো সব নেতৃত্ব মিলে সমাজকে সঠিক ও খাঁটি কোরআনের আলোয় আলোকিত করবেন।"
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা আলেমদের মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আলেমরা নবীদের ওয়ারিশ। আমাদের মূল সম্পদ হলো ‘এলেম’ বা জ্ঞান। নবীদের রেখে যাওয়া মিশন ও ভিশন বাস্তবায়ন করাই আলেমদের প্রধান দায়িত্ব।"
তিনি সূরা নাহল ও সূরা জুমুআর বিভিন্ন আয়াত উদ্ধৃত করে আরও বলেন, আল্লাহর ইবাদত করা, তাগুতকে বর্জন করা এবং সমাজকে সতর্ক করার পাশাপাশি সামাজিক নেতৃত্ব দেওয়া আলেমদের দায়িত্ব। একই সাথে অনাকাঙ্ক্ষিত ভাষা প্রয়োগ থেকে বিরত থেকে সকলকে সংযত হওয়ার আহ্বান জানান।
তিনি আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও কারাবাসের কথা উল্লেখ করে তার দুটি প্রধান মিশন—‘কোরআনের প্রচার’ ও ‘কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করা’—বাস্তবায়নে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।
সম্মেলনে বক্তারা ইসলামের সঠিক বার্তা প্রচার, উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা এবং দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে বক্তব্যের জিহাদ (লিসান) ও সর্বাত্মক প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা ইব্রাহিম খলিলকে খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া খুলনা বিভাগের ১০টি জেলার নবনির্বাচিত সভাপতিদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত জেলা সভাপতিরা হলেন— খুলনা মহানগরীতে মাওলানা মনিরুজ্জামান, খুলনা জেলায় মাওলানা আব্দুস সালাম রাশেদী, সাতক্ষীরায় মাওলানা মনিরুল ইসলাম, যশোরে মাওলানা জুলফিকার আল মাহমুদ, ঝিনাইদহে মাওলানা আক্তারুজ্জামান, নড়াইলে মুফতী ওবাইদুজ্জামান, কুষ্টিয়ায় মাওলানা জুলফিকার, চুয়াডাঙ্গায় মাওলানা আবু বকর শিকারী, মেহেরপুরে মাওলানা জাহাঙ্গীর আলম এবং বাগেরহাটে মাওলানা রুহুল আমীন।