ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এর উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মীর মনিরুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে মীর মনিরুজ্জামান বাবুর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মীর ফারুক আহম্মেদ, আলী শাহ, নজরুল ইসলাম, সায়েদ আলী, সদস্য সাব্বির হোসেন, মাসুম, নাজমুল, মাসুদ, আশরাফুল ও শাকিলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে মীর মনিরুজ্জামান বাবু বলেন, “প্রবাসে থাকলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা কখনো কমে না। এলাকার কল্যাণে পরিচালিত মানবিক কর্মকাণ্ডে ‘সেবা’ সংগঠনের পাশে ভবিষ্যতেও থাকব এবং সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”
সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, মীর মনিরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন মানবিক উদ্যোগে নীরবে সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর তাঁর এই আন্তরিকতা সমাজের অন্যদেরও মানবসেবায় উদ্বুদ্ধ করবে।