বেনাপোল (যশোর)
১ আগস্টের যুব সমাবেশ ঘিরে শার্শায় যুবদলের প্রস্তুতি‘ ছবি: বেনাপোল (যশোর)
আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠেয় জেলা যুবদলের সমাবেশ সফল করতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সমাবেশকে স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অডিটোরিয়াম পূর্ণ হয়ে যায়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রাহানুজ্জামান দীপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুর রহমান মধু।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ ইতিহাসের অন্যতম বৃহৎ ও স্মরণীয় সমাবেশে পরিণত হবে। এ সমাবেশের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সব ইউনিট আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি অতীতে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
সভায় শার্শা উপজেলা যুবদল, বেনাপোল পৌর যুবদল এবং উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১ আগস্টের জেলা যুব সমাবেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সমাবেশকে সফল করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।