নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে 'জুলাই ৩৬' স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে 'জুলাই ৩৬' স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির যশোর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আক্তারুজ্জামান। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সভাপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আহসানুল কবীর। এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. আশিকুল্লাহ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান এবং সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি শ্রমিকনেতা আক্তারুজ্জামান বলেন, "ইসলামী শ্রমনীতিই কেবল শ্রমিকের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে পারে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।"
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।