নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর সদর উপজেলার মানিকদিহী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তিরেরহাট গ্রামের বাসিন্দা রহিম বক্স মানিক (৭২) যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মৃত আলী বক্সের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে সাত মাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মানিকদিহী স্কুলের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার দুপুর ২টা ৩৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্ত করে চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।