চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় একটি ড্রাগন বাগানের ভেতর থেকে আনুমানিক ৯ ফুট উঁচু একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ড্রাগন বাগানের মালিক মো. নান্নু মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
চৌগাছা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে মো. নান্নু মিয়ার নিজস্ব আবাদি ড্রাগন ক্ষেতের পূর্ব পাশে চাষ করা একটি বিশাল গাঁজার গাছ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ গাছটি উপড়ে উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজা গাছটির কাণ্ড ও ডালপালাসহ উচ্চতা প্রায় ৯ ফুট। কাঁচা অবস্থায় গাছটির ওজন পরিমাপ করে আনুমানিক ২ কেজি ৬০০ গ্রাম পাওয়া গেছে।
চৌগাছা থানা-পুলিশ আরও জানায়, ড্রাগন চাষের আড়ালে অবৈধভাবে গাঁজা চাষের অপরাধে গ্রেপ্তারকৃত মো. নান্নু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার গাছটি জব্দ তালিকাভুক্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।