বেনাপোল প্রতিনিধি
লিখিত অভিযোগের কপি ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় সাংবাদিক পরিচয়ে এক ক্ষুদ্র বেকারি মালিকের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুরে উপজেলার বসতপুর গ্রামের আবুল হোসেনের বেকারিতে চার ব্যক্তি প্রবেশ করে অনুমতি ছাড়াই ছবি ও ভিডিও ধারণ করেন। পরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাঁরা ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ করে বেকারি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, হুমকির মুখে তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের একজন সোহাগ হোসেনের হাতে ৩ হাজার টাকা তুলে দেন। এরপর অবশিষ্ট টাকার জন্য চাপ দিয়ে একটি বিকাশ নম্বর দেওয়া হয়। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন—শাহারুল ইসলাম রাজ, মহিউদ্দিন এবং মিজানুর রহমান। এ ঘটনায় ব্যবসায়ী ও তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, "একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"