নিজস্ব প্রতিবেদক
জেলা ট্রাফিক বিভাগের অভিযানে ৯ জন মোটরসাইকেল চালককে জরিমানা ও সাতটি মোটরসাইকেল জব্দ ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে যেখানে-সেখানে ইচ্ছেমতো গাড়ি পার্কিং করার অপরাধে ৯ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। একই সাথে ফুটপাত দখল করে রাখা আরও সাতটি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিশেষ অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।
জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম শহরের দড়াটানা,হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড ও লালদিঘীসহ প্রধান প্রধান এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে ট্রাফিক পুলিশ জানায়, ফুটপাতে অবৈধভাবে পার্কিং করে রাখা সাতটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক কার্যালয়ে নেওয়া হয়েছে। এছাড়া রাস্তার ওপর যত্রতত্র গাড়ি রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে ৯ জন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে প্রায় ২০ জন যানবাহন চালককে সতর্ক করা হয় এবং ফুটপাত দখল করে ব্যবসা না করতে দোকানিদেরও সচেতন করে ট্রাফিক পুলিশ।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানান, যশোর শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে আজকের এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শহর সচল রাখতে ইচ্ছেমতো গাড়ি পার্কিং, ফুটপাত দখল ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এরপরও আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।