ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. সজীব হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার গাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজীব হোসেন উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইমামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বেলাল হোসেনের নেতৃত্বে এএসআই সোহেল রানা, কনস্টেবল জাকির হোসেন ও হানিফ আহমেদ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পানিসারা ইউনিয়নের গাজীপাড়া এলাকায় আব্দুল খালেকের জমির ওপর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সজীবের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।