নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোর জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।
টিকাদান কার্যক্রমের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, যশোর জেলায় এবার টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৫ হাজার ৮৬ জন শিশুকে। তবে নির্ধারিত সময় শেষে দেখা যায়, মোট ২ লাখ ৮৫ হাজার ৪৬৪ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় অর্জনের হার ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, মাঠ পর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার কারণেই এই লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের শিশুদের টিকার আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া ও ক্যাম্পেইন জোরদার করায় এ লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে।
জেলা সিভিল সার্জন জানিয়েছেন "আমরা প্রতিটি শিশুকে এই সুরক্ষা বলয়ে আনতে চেয়েছিলাম। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশু টিকা পাওয়ায় জেলা এখন হাম ও রুবেলার ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ।"
জেলার স্বাস্থ্য বিভাগীয় তথ্য মতে টিকা কার্যক্রমের নির্ধারিত লক্ষ্য মাত্রা ২৮৫০৮৫ ছিল ,অর্জিত হয়েছে ২৮৫৪৬৪ জন, অতিরিক্ত ৩৭৮ জন শিশুকে এ টিকা দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০০.১৩℅।
উল্লেখ্য, হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যে দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। যশোরে এ বিপুল সংখ্যক শিশুকে সফলভাবে টিকা দিতে পারাকে জনস্বাস্থ্য রক্ষায় একটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ধ্রুব/এস.আই