কোটচাঁদপুর প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে তুচ্ছতাচ্ছিল্য, লাঞ্ছিত এবং গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে তুচ্ছতাচ্ছিল্য, লাঞ্ছিত এবং গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে কোটচাঁদপুরের প্রধান সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) কোটচাঁদপুর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এই ন্যক্কারজনক ঘটনার বিচার ও রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির কয়েক শতাধিক প্রতিনিধি অংশ নেন। তারা ঢামেক হাসপাতালের সেই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওষুধ প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন। অথচ দেশের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে তাঁদের ‘দালাল’ বলে সম্বোধন করা এবং গ্রেপ্তার ও লাঞ্ছিত করা অত্যন্ত অপমানজনক। তাঁরা কোনো অপরাধী নন, বরং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। বক্তারা আক্ষেপ করে বলেন, তাঁদের কোনো আইনি সুরক্ষা বা সুনির্দিষ্ট কর্ম-নীতিমালা নেই। যদি অবিলম্বে প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা না হয় এবং সম্মানহানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে কঠোর কর্মবিরতিসহ আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
এ সময় ফারিয়া নেতৃবৃন্দ তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—ঢাকা মেডিকেলের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন বন্ধ করে পেশাদার মর্যাদা নিশ্চিত করা এবং ওষুধ প্রতিনিধিদের কাজ সম্পাদনের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন করা। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল কোটচাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ফারিয়ার স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।