বেনাপোল (যশোর) প্রতিনিধি
ইয়াবাসহ আটক ফিরোজ সাগর ছবি: সংগৃহীত
শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ফিরোজ সাগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শার্শা থানার শ্যামলাগাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শার্শা-যশোর মহাসড়কের পাশে শ্যামলাগাছি গ্রামের একটি ইজিবাইক গ্যারেজের সামনে সন্দেহভাজন ফিরোজ সাগরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফিরোজ সাগর (৩৫) শ্যামলাগাছি (ত্রিমোহনী) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ধ্রুব/এস.আই