বিশেষ প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে আশঙ্কাজনক হারে বেড়েছে খুন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপিত তথ্যে দেখা গেছে, পূর্ববর্তী মাসের তুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধের প্রতিটি সূচকই ঊর্ধ্বমুখী। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘অসন্তোষজনক’ হিসেবে অভিহিত করেছেন। আজ সকাল ১১টায় জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভাটি শুরু হয়।

আজ সকাল ১১টায় জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির
মাসিক সভা অনুষ্ঠিত হয় -- ধ্রুব নিউজ
সভার উন্থাপিত অপরাধের চিত্র বিশ্লেষণে দেখা যায়, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে খুনের ঘটনা ঘটেছে দ্বিগুণ। মার্চে যেখানে খুনের সংখ্যা ছিল ৩টি, এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৬টিতে। পাল্লা দিয়ে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও। এপ্রিলে ৮টি ধর্ষণ ও ২৩টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা মার্চের চেয়ে অনেক বেশি। এছাড়া জেলায় ২ জন মানবপাচারের শিকার হয়েছেন এবং নতুন করে ২টি সিধেল চুরির ঘটনা ঘটেছে। উদ্বেগজনক বিষয় হিসেবে সভায় উঠে আসে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ঘটনাও, যা এর আগের মাসে ছিল না।
অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এপ্রিলে অস্ত্র আইনে ২টি ও বিস্ফোরক আইনে ১টি মামলা হয়েছে, যা মার্চ মাসে ছিল যথাক্রমে ৫টি ও ৩টি। এছাড়া মাদকের বিস্তৃতি রোধে অভিযান চলমান থাকায় মার্চ মাসের ১১৯টি মামলার তুলনায় এপ্রিলে মাদক মামলার সংখ্যা কিছুটা কমে ১০২টিতে দাঁড়িয়েছে। তবে মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে অপরাধ দমনে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন ডিডিএলজি ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।