নিজস্ব সংবাদদাতা
আহত বৃদ্ধ নুর ইসলাম। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর ১টায় শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুর ইসলাম (৭০), পিতা মৃত হাজী শামসুল হক বড় নিজামপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মুক্ত (৫০) ও রফিকুল ইসলাম (৭৩) বাড়িতে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে নুর ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ধ্রুব/এস.আই