বেনাপোল প্রতিনিধি
একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ টাস্কফোর্স। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ টাস্কফোর্স। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং শার্শা থানার উপপরিদর্শক (এসআই) পায়েল কুন্ডুর উপস্থিতিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি করা হয়। এ সময় ভ্যানটি থেকে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ও করফাঁকি দেওয়া ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে—বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা শাওয়ার জেল, গোল্ড অ্যান্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েভ কন্ডিশনার, হারবালাইফ নিউট্রিশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। বিজিবি জানায়, এসব পণ্যের সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কুরিয়ার সার্ভিসের গাড়িটিতে তল্লাশি চালাই। সংশ্লিষ্টরা উদ্ধারকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো আটক করা হয়েছে।
জব্দকৃত পণ্যগুলো বেনাপোল কাস্টম হাউসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।