বেনপোল প্রতিনিধি
মাটিপুকুরিয়া মানব কল্যাণ ফোরাম’-এর আত্মপ্রকাশ
জনপদে মানবকল্যাণের ব্রত নিয়ে যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে একঝাঁক তরুণের হাত ধরে যাত্রা শুরু করল ‘মাটিপুকুরিয়া মানব কল্যাণ ফোরাম’। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এলাকার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণদের এমন সুসংগঠিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের প্রয়াস গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা গেছে, গ্রামের উদ্যমী যুবকদের সমন্বয়ে গঠিত এই ফোরামটি আগামীতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সমাদৃত হয়েছে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। গ্রামের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি মানবিক ও আদর্শ সমাজ গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
স্থানীয় বাসিন্দারা তরুণদের এই নতুন পথচলাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, সংগঠনটি তার সেবামূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী অবদান রাখবে।

দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসবের প্রস্তুতি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেনাপোলে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘স্বাধীনতা উৎসব ২০২৬’-এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশিখা’র উদ্যোগে বেনাপোল বলফিল্ড ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার বেনাপোল বাজারের হোটেল সানরুফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জয় উৎসবের বিস্তারিত সূচি তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেনাপোল পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
পরদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জয় বলেন, “গত ৭–৮ বছরে বেনাপোলে বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন তেমন দেখা যায়নি। সেই শূন্যতা দূর করা এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।”
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মোস্তাফিজ্জোহা সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবের দুই দিনই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেনাপোলের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব নূরুজ্জামান লিটন।
আয়োজকেরা জানান, স্বাধীনতার আবহে আয়োজিত এই উৎসবে অংশ নিতে এবং অনুষ্ঠান উপভোগ করতে বেনাপোলবাসীসহ সকল বিনোদনপ্রেমী মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সাদীপুরে ‘নূরজাহান রহমান এতিমখানা’র উদ্বোধন
দ্বীনি শিক্ষা প্রসার, নৈতিক মূল্যবোধ গঠন ও আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে যশোরের শার্শার সাদীপুর গ্রামে প্রতিষ্ঠিত ‘নূরজাহান রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বেনাপোল পৌরসভার এই প্রতিষ্ঠানটি নিভৃত পল্লীতে অসহায় শিশুদের আশ্রয় ও শিক্ষার আলো ছড়াতে ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানাটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নুরুজ্জামান লিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এতিম ও অসহায় শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা অত্যন্ত মহৎ ও পুণ্যময় কাজ। সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের মানবিক ও ধর্মীয় কাজে আরও বেশি করে এগিয়ে আসা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ. কে. এম. আতিকুজ্জামান সনি। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গ্রামীণ জনপদে শুদ্ধ ধর্মীয় শিক্ষার প্রসারে এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।