ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ বলেন, “আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যতদিন দায়িত্বে থাকব সরকারি সহায়তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।” উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে এই মানবিক সহায়তা বিতরণ করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, নায়েব আমির অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরুদুন্নবী মুরাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র প্রতিনিধি আখি খাতুন, পৌর আমির আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের আমির মাস্টার আসাদুজ্জামান, গঙ্গানন্দপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, অনুষ্ঠান চলাকালে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার নিহত ভ্যানচালক শামিম পারভেজের পিতার হাতে মানবিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য। এ দিন মোট ৩৭০ জন দুস্থ মানুষের মাঝে শাড়ি এবং ৫৭০ জনের মধ্যে নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।