বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোলে ওয়াকফ প্রকল্পের অধীনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বেনাপোল ইসলামি একাডেমি এ আয়োজন করে।
সকাল ১১টায় বেনাপোল মহিলা মাদ্রাসা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ওসমান গণি। অনুষ্ঠানে তিনজন নারীকে তিনটি সেলাই মেশিন এবং তিনজন পুরুষকে তিনটি মোটরচালিত ভ্যান প্রদান করা হয়।
বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মো. মতিউর রহমান, মো. মুজিবুর রহমান, মো. শাহাদাত হোসেন ও বেনাপোল পোর্ট থানার আমির মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মাহবুবুর রহমান।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ধ্রুব/এস.আই