নিজস্ব প্রতিবেদক
রজনী লাইলাতুল কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
পবিত্র রমজান মাসের মহিমান্বিত রজনী লাইলাতুল কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঝুমঝুমপুর ফজলুল উলুম মাদ্রাসার মুহতামিম ও বায়তুস সালাম জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফুরকান আহমেদ। তিনি তার বক্তব্যে শবে কদরের তাৎপর্য তুলে ধরে বলেন, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে এই রাতে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ তৈরি হয়। তিনি মুসল্লিদের আত্মশুদ্ধি ও তওবার মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন যশোর জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, পবিত্র কোরআন এই রাতেই নাজিল হয়েছে, তাই মুসলিম উম্মাহর কাছে এই রাতের মর্যাদা অপরিসীম। তিনি রমজানের শেষ দশকের প্রতিটি রাতকে গুরুত্ব দিয়ে ইবাদতে অতিবাহিত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামিক ফাউন্ডেশন সবসময় মানুষের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।