নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে মুরগি বেচাকেনা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৫ মার্চ) সকাল ৯টায় মনিরামপুর উপজেলার মুরগি বাজারে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন (৫০) মনিরামপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত জান আলী ফকিরের ছেলে এবং পেশায় একজন মুরগি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি বেচাকেনা সংক্রান্ত বিষয় নিয়ে লোকমান হোসেনের সঙ্গে তার বড় ভাই ছুরমান (৬০)-এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বড় ভাই ছুরমান ধারালো চাকু দিয়ে লোকমান হোসেনের পেটের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে লোকমান হোসেন যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার ও আশপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।