ধ্রুব নিউজ
আগুনে পুড়েগেছে নওয়াপাড়ার কাঠ পটি ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে অন্তত ৩০ থেকে ৩৫টি কাঠের দোকান ও মিল। বুধবার দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কাঠপট্টির একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। শুকনো কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ব্যবসায়ীরা কোনো কিছু বের করার সুযোগ পাননি। আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে গেছে কাঠপট্টির অধিকাংশ দোকানসহ পার্শ্ববর্তী কয়েকটি চা ও মুদি দোকান।
আগুন দেখে স্থানীয় জনতা প্রথমে বালতি ও পানি নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই কাঠ শিল্পের প্রায় সব কটি ঘর ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। তিনি জানান, ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, এই মৌসুমে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ কাঠ এবং আসবাবপত্র পুড়ে যাওয়ায় অনেক পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।