Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাটি কারবারিদের কবলে পাকা রাস্তা, হরহামেশা ঘটছে দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
মাটি কারবারিদের কবলে পাকা রাস্তা, হরহামেশা ঘটছে দুর্ঘটনা

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কের কাদায় পিছলে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছবি: ধ্রুব নিউজ

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কের কাদায় পিছলে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মাটি কারবারিদের দৌরাত্ম্যে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর এলাকার পাকা রাস্তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক মাটি বহনের ফলে সড়কের ওপর মাটি পড়ে পুরু কাদার স্তর জমেছে। সামান্য বৃষ্টিতেই সেই কাদা পিচ্ছিল হয়ে পড়ায় সড়কটিতে হরহামেশা দুর্ঘটনা ঘটছে। সবশেষ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কের কাদায় পিছলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতা আবদুর রবের নেতৃত্বে একটি চক্র রাতের আঁধারে এস্কেভেটর (ভেকু) দিয়ে চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে। এনায়েতপুর গ্রামের সেতু (ব্রিজ) থেকে উত্তরপাড়ার দিকে যাওয়ার পথে নদীর পাড়ের বিভিন্ন স্থান থেকে এই মাটি কাটা হচ্ছে। বিশেষ করে আবু দাউদের বাড়ির নিচ থেকে এবং এনায়েতপুর সেতুর দক্ষিণ পাশে খালসংলগ্ন ফারুকের বাড়ির নিচ থেকে নির্বিচারে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, ভারী মাটিবাহী ট্রাক চলাচলের কারণে পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাস্তার ওপর মাটি পড়ে থাকে। বুধবার সকালের বৃষ্টি ও যানবাহনের চাপে সেই মাটি পিচ্ছিল কাদায় রূপ নেয়। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের সময় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। বুধবারের দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে এবং অন্যদের শরীরের বিভিন্ন স্থানে কেটে ও আঘাত লেগেছে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, আবদুর রবের নেতৃত্বে থানা বিএনপির সহসাধারণ সম্পাদক দাউদ হোসেন এবং লেবুতলা ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ একটি চক্র এই মাটি কাটার সঙ্গে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে আবদুর রব বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

এলাকাবাসী আরও জানান, মাটি কাটা বন্ধে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নিষেধ করেছিলেন বলে তারা শুনেছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে মাটি কাটা অব্যাহত রয়েছে। এভাবে নদীর পাড় কাটা চলতে থাকলে তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের কবলে পড়ার পাশাপাশি এলাকার পাকা সড়কটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক গণমাধ্যমকে বলেন, ‘নদীর পাড় থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। এরপরও কেউ এ ধরনের অন্যায় করে থাকলে খোঁজখবর নিয়ে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)