কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, বাজার পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা এবং জনসাধারণের জানমালের সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ শামীম হোসাইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
সভায় কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম শেখ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক মোঃ কাশেম আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আজিজুর রহমান, সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক মুহাঃ শরিফুল ইসলামসহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।