কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আজ কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ শামীম হোসাইন বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে। সরকারি প্রণোদনার সুফল যেন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, কৃষকদের আধুনিক ও উন্নত কৃষিপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করে পরিকল্পিতভাবে চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ্দসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে কোটচাঁদপুর উপজেলায় সরিষা চাষের জন্য ১ হাজার ৫০০ জন এবং মসুর চাষের জন্য ২০০ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। দুই ফসল মিলিয়ে মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ সহায়তা পাবেন।
বরাদ্দ অনুযায়ী, সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অন্যদিকে, মসুর চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
এ প্রণোদনার মাধ্যমে কৃষকদের চাষাবাদের প্রাথমিক ব্যয় কমার পাশাপাশি সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। সরিষার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন বাড়ানো এবং মসুরের আবাদ বৃদ্ধির মাধ্যমে ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কৃষি খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে এ ধরনের সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।