নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর: কাইন্ড ভিশন ও পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের যৌথ উদ্যোগে এবং মো. আরিফুল ইসলাম বাপ্পীর সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হলো দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল ইসলাম।
কাইন্ড ভিশন যশোরের নির্বাহী পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং কাইন্ড ভিশনের এলিভেটেড হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. মিন্টু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএস যশোরের অফিস সেক্রেটারি রিফাত খন্দকার, পিকেএস যশোরের টেকনিশিয়ান মো. মফিজুর রহমান, কাইন্ড ভিশন যশোরের সাসটেইনেবল ফিউচারের কো-অর্ডিনেটর আসমা পারভীন এবং কাইন্ড ভিশন যশোরের প্রোগ্রাম অফিসার মাছুমা খাতুন প্রমুখ।
ক্যাম্পে আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৪০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ছানি আক্রান্ত ৫০ জন রোগীকে পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।