নিজস্ব প্রতিবেদক
ছবি: ভিডিও থেকে নেওয়া
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে যশোরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে হবে এবং বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী সমবায় সমিতিকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি সমবায়ের মূল চেতনাকে ধারণ করে দেশ ও দশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রেজা দুলু, উইমেন্স বিউটি পার্লার সমবায় সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, সমবায় ব্যাংক লিমিটেডের ম্যানেজার সাইদুর রহমান এবং মোমিন নগর সমবায় সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
সদর উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলামের সাবলীল সঞ্চালনায় আলোচনা সভায় সমবায়ীরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।